আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতি বেড়ে গেলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, যা স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
১৫ জুলাই বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৭ দশমিক ৪৯ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪ ডলারে দাঁড়ায়।
বার্তা সংস্থা রয়টার্সকে ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনিভো বলেন, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের উচ্চমূল্য আগস্টে প্রকাশিত মুদ্রাস্ফীতির তথ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতে ফেডারেল রিজার্ভ কঠোর মুদ্রানীতির অবস্থান বজায় রাখতে উৎসাহিত হবে, যা সাধারণত স্বর্ণের বাজারের জন্য অনুকূল নয়।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হয়।
গত মঙ্গলবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ আইনপ্রণেতাদের জানান, কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘস্থায়ী উচ্চ মুদ্রাস্ফীতিকে কোনোভাবেই মেনে নেবে না। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৫৯ শতাংশ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩১ ডলারে নেমেছে। তবে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩৪ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। এছাড়া আগের সেশনে ৫ শতাংশ বৃদ্ধির পর প্যালাডিয়ামের দাম আরও শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩১৫ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available