অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, সরকার ইসলামি ব্যাংকে কোনো অবৈধ হস্তক্ষেপ করছে না এবং ব্যাংকটির কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক কোনো অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ করেনি।
১২ জুন শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গভর্নর এসব কথা বলেন।
মোস্তাকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় ইসলামি ব্যাংকের ৫ সদস্যের বোর্ডে একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। তবে বাংলাদেশ ব্যাংক কারও বদলি বা পদোন্নতির বিষয়ে কোনো নির্দেশ দেয়নি।
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে। বাস্তবে এমন কিছু হয়নি।’
তিনি আরও জানান, ঈদের আগে ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান পদত্যাগের দাবিতে স্লোগান শুরু হয়। পরে বিকেলে চেয়ারম্যান পদত্যাগ করেন এবং পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গভর্নর জানান, কিছু ব্যক্তি ব্যাংকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আইন ও বিধিমালা প্রয়োগ করা হবে।
তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, ‘যারা আমানত করেছেন, তাদের কোনো সমস্যা হবে না। তারা যেকোনো সময় তাদের টাকা তুলতে পারবেন। ইসলামি ব্যাংক জরুরি তারল্য সহায়তা চেয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available