• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৫:১৪ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

শিবচরে শিং মাছে ক্ষতিকর রং, দুই মাছ ব্যবসায়ীর কারাদণ্ড

৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১০:১৮

শিবচরে শিং মাছে ক্ষতিকর রং, দুই মাছ ব্যবসায়ীর কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর পৌরবাজারে শিং মাছে কৃত্রিম ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করার অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে শিবচর পৌরসভার মাছ বাজারে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন শিবচর পৌরসভার পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- আপন (২২) ও আলমগীর (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক ক্রেতা শিবচর পৌরবাজার থেকে শিং মাছ কিনে বাড়ি নিয়ে যান। বাড়িতে মাছ কাটার সময় তিনি লক্ষ্য করেন মাছের গায়ে ক্ষতিকারক কৃত্রিম রং মেশানো রয়েছে, যা সাধারণ শিং মাছের মতো দেখানোর জন্য করা হয়েছে। বিষয়টি টের পেয়ে সচেতন ওই ক্রেতা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে ফোন করে অভিযোগ জানান।

​ক্রেতার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা দ্রুত বাজারে অভিযান পরিচালনা করেন। হাতেনাতে ভেজাল রং মেশানো শিং মাছসহ আপন ও আলমগীর নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা এশিয়ান টেলিভিশনকে বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে শিং মাছে কৃত্রিম রং ব্যবহার করছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল বা ক্ষতিকর উপায়ে খাদ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না, কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us