• ঢাকা
  • |
  • সোমবার ১লা চৈত্র ১৪৩২ রাত ০২:৫৫:৪৪ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ছদ্মবেশি অভিযান, পলাতক আসামি গ্রেফতার

১৫ মার্চ ২০২৬ দুপুর ০২:৩০:৩৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ছদ্মবেশি অভিযান, পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি শাহ আলম (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন।

১৫ মার্চ রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মুসলিমপুর এলাকার একটি আমবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার শাহ আলম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের শফিকুল আলমের ছেলে। সে মাদক মামলার চারটি জিআর ওয়ারেন্ট এবং একটি জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল।

Ad

পুলিশ জানায়, শাহ আলম দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত আত্মগোপনে চলে যাওয়ার কারণে তাকে গ্রেফতার করতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া তার একাধিক সোর্স থাকায় পুলিশের অভিযান সম্পর্কে আগাম তথ্য পেয়ে যেত সে।

এ অবস্থায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবিরের দিকনির্দেশনায় এসআই মো. পিয়ারুল ইসলাম একটি ভিন্নধর্মী কৌশল গ্রহণ করেন। তিনি লুঙ্গি, গামছা ও ছেঁড়া গেঞ্জি পরে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন। একই সঙ্গে তার সঙ্গীয় ফোর্স সদস্যরাও ছেঁড়া প্যান্ট ও গেঞ্জি পরে শ্রমিক সেজে বাইসাইকেলে করে আমবাগানে প্রবেশ করেন। তারা বাগানে গাছে কীটনাশক দেওয়ার কথা বলে ভেতরে ঢোকেন।

আমবাগানে প্রবেশের পর দেখা যায়, শাহ আলম নিজেই বাগানে কীটনাশক দিচ্ছিল। পরিস্থিতি বুঝে ওঠার আগেই পুলিশ দ্রুত তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসআই পিয়ারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে শাহ আলমকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছিল। সে অত্যন্ত চতুর এবং পুলিশের সামান্য নড়াচড়াও টের পেয়ে পালিয়ে যেত। তাই কৌশলগত পরিবর্তন এনে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে সফলভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’

শিবগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘আসামি গ্রেফতারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১০







Follow Us