মানিকগঞ্জ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার সকালে মানিকগঞ্জ শহরের বেউথা সেতুর দক্ষিণ পাড় থেকে র্যালিটি বের হয়ে ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সফলতা ও কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় এ কর্মসূচির আয়োজন করে সাইক্লিস্ট ক্লাব, ইয়ুথ গ্রিন ক্লাব ও গ্রিন কোয়ালিশন।
র্যালির উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জরিনা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইনুদ্দিন, কৌড়ী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আনিসুর রহমান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু মো. নাহিদ, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, বারসিকের আঞ্চলিক কর্মকর্তা বিমল রায়সহ সাইক্লিস্ট ক্লাবের সদস্যরা।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষ প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। এ সংকট মোকাবিলায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার জরুরি।
সাইকেল র্যালির মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available