নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় মজুরি বোর্ডের বৈঠক মুলতবি হওয়ার জেরে কর্মবিরতি পালন করা নারায়ণগঞ্জের ফতুল্লার ‘মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড’ বা মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা পুনরায় কাজে যোগ দিয়েছেন। এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সার্বিক শিল্পাঞ্চলে পূর্ণাঙ্গ কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার সকাল থেকেই কারখানাটিতে শান্তিপূর্ণভাবে পোশাক উৎপাদন কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭টি প্লাটুন মোতায়েন রয়েছে। এর পাশাপাশি শিল্প এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশের ৫৭৫ জন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৪৮০ জন সদস্য সরাসরি মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আরও ৬০ জনকে রিজার্ভ রাখা হয়েছে। এর বাইরে আনসার এবং এসআরবির (স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন) ৪টি টিম শিল্প এলাকার সড়কগুলোতে নিয়মিত টহল দিচ্ছে। নিশ্ছিদ্র এই নিরাপত্তা ব্যবস্থার মাঝেই মঙ্গলবার সকাল থেকে জেলার সবকটি তৈরি পোশাক কারখানায় উৎসবমুখর পরিবেশে স্বাভাবিকভাবে কাজ চলছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গতকাল মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা কর্মবিরতিতে গেলেও আজ সকাল থেকে তাঁরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছেন। কারখানায় পোশাক তৈরির কাজ সুন্দরভাবে চলছে। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে বর্তমানে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক।
জেলার সার্বিক নিরাপত্তার বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের নজরদারি অব্যাহত আছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available