• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪১:১২ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ৫ কোটি টাকার বন্ডের সুতা আটক

৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫২:১৭

নারায়ণগঞ্জে ৫ কোটি টাকার বন্ডের সুতা আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় ৫ কোটি টাকা মূল্যের বন্ড সুবিধায় আমদানি করা ৮০ কাউন্টের সুতা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ৩ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গোডাউন থেকে প্রায় ৪০০ বস্তা সুতা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নরসিংদীর মাধবদী এলাকায় একটি গাড়ি থেকে প্রথমে বন্ডের কিছু সুতা আটক করা হয়। সেই ঘটনার সূত্র ধরে আড়াইহাজারের ওই গোডাউনের সন্ধান পাওয়া যায়। পরে কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুতা উদ্ধার করেন। আটক সুতার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ কোটি টাকা বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রপ্তানিমুখী পোশাকশিল্পের কারখানার জন্য সরকারি শুল্ক-কর সুবিধায় আমদানি করা এসব বন্ডের সুতা নির্ধারিত ব্যবহারের বাইরে স্থানীয় বাজারে বিক্রি করা নিষিদ্ধ। অভিযোগ রয়েছে, শুল্ক-সুবিধায় আমদানি করা এসব সুতা খোলাবাজারে বিক্রি করে অধিক মুনাফা করার উদ্দেশ্যে গোডাউনে মজুত করা হয়েছিল।

এ ঘটনায় বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহারের বিষয়টি সামনে এসেছে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহার না করে স্থানীয় বাজারে বিক্রি করা হলে একদিকে সরকারের রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি হয়, অন্যদিকে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা দেশীয় শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়ে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘নরসিংদী ও নারায়ণগঞ্জে আটক সুতার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত আমদানিকারক, সরবরাহকারী এবং বন্ড সুবিধার আওতায় পণ্য খালাস ও পরিবহনের পুরো প্রক্রিয়াটি অনুসরণ করা হলে বন্ড ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহারের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘শুধু পণ্য আটক করাই যথেষ্ট নয়। পণ্যটি কার নামে আমদানি হয়েছে, কোন প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের আওতায় এসেছে, কীভাবে সংশ্লিষ্ট গোডাউনে পৌঁছেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল, এসব বিষয় তদন্তের আওতায় এনে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার সূত্রপাত হয়েছে মাধবদীতে। পরবর্তীতে এর গোডাউন আড়াইহাজারে পাওয়া যায়। অভিযানটি কাস্টমস কর্তৃপক্ষ পরিচালনা করেছে। পুলিশ শুধু তাদের সহযোগিতা করেছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৪০টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
৪০টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২১:৩৮





নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৩:০৮