মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের শিমুলতলা এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ আগস্ট বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ওই এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির বিষয়ে বেশ কিছু তথ্য ও অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। সেখানে প্রতিদিন প্রায় ২০০ মণ দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছিল বলে জানান তিনি।
অভিযানে দেখা যায়, দুধের সঙ্গে তেল, ডালডা ও আটা মিশিয়ে বিপুল পরিমাণ ছানা তৈরি করা হচ্ছে। এসব পণ্য মানিকগঞ্জ শহরের বিভিন্ন নামী-দামি হোটেল ও মিষ্টির দোকানে সরবরাহ করা হতো বলেও জানান তিনি।
এ ছাড়া ছানা ঠান্ডা করার স্থানটিও অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল বলে অভিযোগ করা হয়েছে। ওই স্থানের পাশে গরুর খামার থাকায় সেখানে কুকুর ও হাঁস অবাধে বিচরণ করছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ স্বাস্থ্যকর করা এবং উৎপাদিত খাদ্য নিরাপদ নিশ্চিত করতে পারলেই প্রতিষ্ঠানটি পুনরায় কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। অন্যথায় ভেজাল বা অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদনের কার্যক্রম চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available