• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৬:০২ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ইজিবাইক চালক হত্যা, অভিযুক্ত গ্রেফতার

৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:৪৫:১২

মানিকগঞ্জে ইজিবাইক চালক হত্যা, অভিযুক্ত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ বাগ্‌বিতণ্ডার জেরে ইজিবাইক চালক সাকিবুল ইসলাম (১৬) হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় অভিযুক্ত যাত্রী আসাদুজ্জামান (৩৪)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ইজিবাইকসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়ীতা শিল্পী।

তিনি জানান, গত ২ জুলাই সন্ধ্যায় সাকিবুল তার ইজিবাইকে করে আসাদুজ্জামানকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে একটি ভাঙা সড়কে ইজিবাইক নিয়ন্ত্রণহীনভাবে চলায় যাত্রী ও চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আসাদুজ্জামান ইজিবাইক থেকে পড়ে গেলে দুজনের মধ্যে হাতাহাতি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তারা রাস্তার পাশের একটি পাটক্ষেতে গিয়ে পড়েন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ওই সময় সাকিবুল চিৎকার করে সাহায্য চাইতে চেষ্টা করলে আসাদুজ্জামান ভেজা মাটির মধ্যে তার মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই সাকিবুলের মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

হত্যাকাণ্ডের পরপরই পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত বুধবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জয়ীতা শিল্পী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসাদুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইজিবাইক, একটি মোবাইল ফোনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us