লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফাতেমা ফিলিং স্টেশনে তেল ক্রয়কে কেন্দ্র করে মালিকপক্ষ ও ক্রেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন বাইক চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
২৯ মার্চ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে দেখা যায় বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ক্রেতারা তাৎক্ষণিকভাবে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় এক ক্রেতা পুলিশের কাছে সাহায্য চাইছেন। তবে উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বলেন, ‘মারামারি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। তবে গিয়ে কোনো আহত বা মারামারির দৃশ্য দেখিনি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তেল সরবরাহ স্বাভাবিক করি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেতারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন। এসময় ফিলিং স্টেশনের ম্যানেজার দুপুরের খাবারের জন্য সাময়িক বিরতি নিতে চাইলে এক ক্রেতা নিজেই তেল নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি ক্যাশ রুমে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ফিলিং স্টেশনের কর্মীরা ওই ক্রেতাসহ আরও কয়েকজনের ওপর হামলা চালায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available