নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী ছালেহা বেগমকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে হত্যার সাত বছর পর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
২২ নভেম্বর রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তিনি আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আদালত সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী ছালেহা বেগম হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে দেশে ফিরেছিলেন। ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছালেহা নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই সময় আসামি মোবারক হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, সহযোগীরা ছালেহার পা ধরে রাখলে মোবারক হোসেন হাতে থাকা ধারালো বড় ছোরা দিয়ে গলায় কোপ মেরে তাকে নৃশংসভাবে হত্যা করেন। সে সময় সন্তানদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর ছালেহার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ মোবারক হোসেনকে আটক করে। পরে ভিকটিমের মেয়ে সুমাইয়া (১১) ও ছোট বোন পারভীনসহ স্বজনদের অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ৯ অক্টোবর আড়াইহাজার থানায় মামলা (নং-১৩) রুজু হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আসামি মোবারক হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট নং-১১৮) দাখিল করে পুলিশ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available