নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৯ নভেম্বর সোমবার ভোরে এই দুর্ঘটনায় এলাকায় এবং শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাহেবপাড়া প্রামানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ ছেলেকে ঢাকায় আনতে গিয়েছিলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। চিকিৎসা শেষে ছেলেকে নিয়ে তিনি ঢাকা থেকে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।
পথিমধ্যে ট্রেনটি সৈয়দপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর স্টেশনের কিছু দূরে পৌঁছালে তিনি ট্রেনের দরজার কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, তার ছেলে ঢাকায় পড়াশোনা করেন। ছেলেই অসুস্থ থাকায় তাকে ঢাকা থেকে আনতে গিয়েছিলেন এই শিক্ষক। কিন্তু বাড়ি ফেরার পথে এমন এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available