কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে তিনজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা এবং অপর দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মার্চ রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।


জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার উত্তর পাকুল্যা গ্রামের বাসিন্দা আতিকুর রহমান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের নাজিরহাট উপজেলার মো. ফয়সাল আহমেদ এবং সাভার উপজেলার আশুলিয়া এলাকার বিরুলিয়া গ্রামের সুমন মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় বংশাই নদীর তীরে ফসলি জমিতে গভীর গর্ত করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। পরে সেই মাটি ট্রাকের মাধ্যমে বিভিন্ন ইটভাটা ও জমি ভরাটের কাজে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত আতিকুর রহমান, সুমন মিয়া ও ফয়সাল আহমেদকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে এক মাস করে কারাদণ্ড এবং একজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, নদীতে বাঁধ দিয়ে এবং কৃষিজমিতে গভীর গর্ত করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available