ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর ‘প্রশাসনিক কারণে’ শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে দায়িত্ব হস্তান্তরের পর তিনি থানা ত্যাগ করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা আদেশে জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে তাঁকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং শনিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে শাহ আলী থানার দূরত্ব প্রায় এক কিলোমিটার। স্বাস্থ্যকেন্দ্রটিতে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠার পর ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কারও কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসার পর শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার ও মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার। এ সময় ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতার হওয়া চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: সমকাল
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available