নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। একই সঙ্গে রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুরে নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে নারায়ণগঞ্জবাসীকে আরও ভালো সেবা দেওয়া এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য। রাজউকও সরকারেরই একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারের অংশ। জনগণের জন্য যেটা ভালো হবে, সেটাই করা হবে।
নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের বিষয়ে মন্ত্রী বলেন, রাজউকের যে মাস্টারপ্ল্যান রয়েছে, তার পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা একটি মাস্টারপ্ল্যান করা হবে। এর আওতাধীন এলাকার সীমানা আরও বাড়ানোর বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে। ফতুল্লাসহ আশপাশের এলাকা এর আওতায় আনার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
রাজউকের সেবা প্রসঙ্গে তিনি বলেন, রাজউকের আওতাধীন এলাকা অনেক বড় হলেও সে তুলনায় জনবল ছিল না। মানুষের কাছে সেবা আরও সহজে পৌঁছে দিতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ নিজ নিজ এলাকায় আরও সহজে সেবা পাবেন।
রাজউকের সেবায় পরিবর্তন আনার কথা তুলে ধরে গণপূর্তমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজউকের প্লটের মালিকানা একবার মিউটেশন হওয়ার পর হস্তান্তরের ক্ষেত্রে পুনরায় নামজারির প্রয়োজন না রাখাসহ বিভিন্ন সেবা ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদন দেওয়ার ব্যবস্থা করার জন্যও কাজ চলছে।
তিনি বলেন, ‘আগের রাজউকের থেকে আগামী দিনের রাজউক অনেক ডিফারেন্ট হবে।’
মন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্দেশ্যই হলো নারায়ণগঞ্জবাসীকে প্রকৃত সেবা দেওয়া এবং পরিকল্পিতভাবে নগর গড়ে তোলা।
এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নবগঠিত এনডিএ এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এড.আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available