ডেস্ক রিপোর্ট: মাদকবিরোধী অভিযানে হঠাৎ পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক ! মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু তোলপাড়। কেউ বলছেন, মাদক নির্মূলে এমন পদক্ষেপ জরুরি, আবার কেউ তুলছেন আইন ভাঙার প্রশ্ন। প্রতিমন্ত্রীর কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও, তবে সব সমালোচনার জবাবে বিবৃতি দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদার মতে, এখানে আইনের কোনো ব্যত্যয় নেই। তবে তাঁর ভাষায়, এটা না করলেই পারতেন। একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। ইশরাকের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা রয়েছেন, তাঁদের সঙ্গে নিয়েই অভিযান পরিচালনা করতে পারতেন বলে মনে করেন সবেক এ আইজিপি।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া ইশরাকের অস্ত্র প্রদর্শনকে বেআইনি বলে মন্তব্য করেছেন। তাঁর প্রশ্ন, মন্ত্রীকেই যদি অস্ত্র হাতে অভিযানে নামতে হয়, তাহলে পুলিশের কাজ কী? এদিকে, অস্ত্র প্রদর্শনের ঘটনায় আইন লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্তে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
ইশরাকের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঘটনাটিকে আইনবিরোধী ও জনমনে আতঙ্ক সৃষ্টির কর্মকাণ্ড উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত এবং আইনের প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তবে সমালোচনার জবাবে ইশরাকের দাবি, তাঁর হাতে থাকা পিস্তলটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত। হামলার আশঙ্কায় তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা আত্মরক্ষার্থে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। কাউকে ভয় দেখানো বা গুলি করার ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।
ভিডিও দেখতে ক্লিক করুন: প্রতিমন্ত্রীর পিস্তল প্রদর্শন নিয়ে তোলপাড়, যে ব্যাখ্যা দিলেন ইশরাক
রোববার দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী আরও জানান, পুলিশ ও স্থানীয় নেতাদের সমন্বয়ে পরিচালিত অভিযানে চার থেকে পাঁচটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ, মাদক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা-সমালোচনা চলছে। একদিকে মাদকবিরোধী অভিযানের প্রশংসা, অন্যদিকে জনপ্রতিনিধির প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে উদ্বেগ দুই ধরনের প্রতিক্রিয়াই সামনে আসছে। কেউ প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ ইশরাকের উদ্যোগকে দেখেছেন মাদকবিরোধী পদক্ষেপ হিসেবে।
সূত্র: প্রথম আলো
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available