• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৯:৪৪ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

২০২৮ সালের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির

১৮ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৮:২০

২০২৮ সালের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী দুই বছরের মধ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

একই সঙ্গে আগামী ৫ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সেবা প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে ইউজিসির।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ১৮ অক্টোবর রোববার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক পরামর্শক কর্মশালায় এসব পরিকল্পনার কথা জানান।

বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, আগামী ২ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে যথাযথ নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াই-ফাই ও প্রয়োজনীয় সহায়তাব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করতে চায় ইউজিসি।

এই পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, ফি জমা, আবাসিক হলের আসনসংক্রান্ত তথ্য এবং একাডেমিক প্রশাসনিক সেবা অনলাইনে দেওয়ার ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন দূরে বসেই ভর্তির আবেদন, ফি জমা ও হলের আসনসংক্রান্ত তথ্য জানতে পারেন। পড়াশোনা শেষে সনদ সংগ্রহের জন্যও যেন তাদের বারবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদন ও ফি জমা দিতে না হয়, সে ধরনের অনলাইন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে আগামী ৫ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক মামুন আহমেদ। এ জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা ভাবছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী ইন্টার্নশিপের চাহিদা জানাবে। অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলো জানাবে, তারা কতজন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দিতে পারবে। ইউজিসি দুই পক্ষের মধ্যে সমন্বয় করবে।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক ও দক্ষ জনবলের ঘাটতি কমাতেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইউজিসি চেয়ারম্যান বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানের মতো বিষয়ে প্রয়োজনীয়সংখ্যক যোগ্য শিক্ষক নেই। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সহজ করতে সমন্বিত সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দেন ইউজিসি চেয়ারম্যান। এর মাধ্যমে ভর্তি, হিসাব, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং বৃত্তিসংক্রান্ত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। উপাচার্য যেন একটি প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি দেখতে পারেন এবং রেজিস্ট্রার ও হিসাব বিভাগের কাজ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে এ জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন করে একই ধরনের সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলো কীভাবে সমন্বয় ও কাজে লাগানো যায়, তা নিয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের জন্য হার্ডওয়্যার, নেটওয়ার্ক, তথ্য সংরক্ষণব্যবস্থা ও সফটওয়্যারের সমন্বিত উন্নয়ন প্রয়োজন।

কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩

একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৩৯