নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে হকারদের পুনর্বাসনের জন্য ছয়টি খোলা মাঠ নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
২৫ এপ্রিল শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।


ডিএনসিসি প্রশাসক বলেন, নির্ধারিত স্থানগুলোতে নিবন্ধনের মাধ্যমে হকারদের পুনর্বাসন করা হবে। সেখানে অস্থায়ী কাঠামো যেমন চৌকি বা ট্রলি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করতে হবে এবং দিনের শেষে সেগুলো সরিয়ে নিতে হবে।

তিনি জানান, ফুটপাতে হকারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ তৈরি হয়েছে। আগে যেখানে প্রায় ২০০ হকার ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় ২ হাজারে পৌঁছেছে। এর ফলে হাসপাতাল ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘দুই শতাংশ মানুষের সুবিধার কারণে ৯৮ শতাংশ মানুষ ভোগান্তিতে পড়ছে। এ অবস্থার পরিবর্তন জরুরি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে নগর ব্যবস্থাপনায় টেকসই সমাধান আসছে না ‘
টেকসই সমাধানের জন্য সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে সমন্বিতভাবে একটি কর্তৃপক্ষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, নগর সেবাগুলোকে এক ছাতার নিচে আনা গেলে সমন্বয়হীনতা কমবে এবং সেবার মান বাড়বে। তথ্যের ঘাটতির কারণে অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, রাজধানীর যানজট নিরসনে পার্কিং স্পেস উদ্ধারে কাজ চলছে এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পূর্বাচল প্রকল্পকে আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available