অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
৮ নভেম্বর রবিবার রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপির গৃহীত পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে আকতার হোসেন জানান, ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে এসব অপরাধে জড়িত নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন দল ও অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে এটি স্পষ্ট যে, একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডিএমপির তৎপরতা ও পুলিশ মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা ও জনমনে স্বস্তি ফেরাতে ডিএমপির মোবাইল ডিউটি ও পিকেট ডিউটির পাশাপাশি কঠোর নজরদারি চালানো হচ্ছে।
ককটেল তৈরির উপকরণের উৎস ও সরবরাহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিপূর্বে ককটেল বানানোর উপাদান ও বিস্ফোরকসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কোনো পেট্রোল পাম্প বা দোকান থেকে নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ বেচাকেনা হচ্ছে কি না, তা প্রতিনিয়ত নজরদারিতে রাখা হচ্ছে। পাশাপাশি ঘটনার স্থানগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাহ্য পদার্থ সংগ্রহকারী ও মূল অপরাধীদের শনাক্তে ডিএমপির অভিযান জোরদার রয়েছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available