ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৯ আগস্ট বুধবার রাতে উপজেলার আঞ্জুমানপাড়া-ফাইসাখালী সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে বালুখালী ও পালংখালী সীমান্ত ফাঁড়ির বিশেষ টহল দল আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়।
রাত সাড়ে ৯টার দিকে থার্মাল যন্ত্রের মাধ্যমে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো তল্লাশি করে বায়ুরোধী প্যাকেটে রাখা ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সদস্যরা আশপাশের এলাকায় অভিযান চালালেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available