নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চোরচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চারটি পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত কয়েক দিনে মান্দা থানার বিভিন্ন এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ।


অভিযানে চোর সন্দেহে মান্দা থানার গাড়িক্ষেত্র গ্রামের মো. ফারুক হোসেন (৪৫)-কে গ্রেফতার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁর মহাদেবপুর থানার শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. মিলন হোসেন (৫০)-কে গ্রেফতার করা হয় এবং তাঁর হেফাজতে থাকা একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই ব্যক্তি আরও কয়েকটি ট্রাক্টর চুরির কথা স্বীকার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাই পাওয়ার টিলার পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
ট্রাক্টর হারানোর ঘটনায় করা মামলার বাদী রহিদুল ইসলাম ও জয়ানুল ইসলাম বিশ্বাস উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত পাওয়ার টিলার উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। অপরাধ দমনে তিনি জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available