ডেস্ক রিপোর্ট: ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন তুহিন ও বাদশা।
৩ অক্টোবর শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, ঘণ্টাটি রিকশায় করে নিয়ে যাওয়ার সময় আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তুহিন ও বাদশাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় চুরি যাওয়া ঘণ্টাটি অক্ষত উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে চোরেরা ঘণ্টাটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বুধবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ঘণ্টাটি চুরি করে নিয়ে যায়। ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘণ্টা উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অভিযান চালায়।
ওসি আব্দুল হামিদ বলেন, চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে গির্জার সিসি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার কার্যকর ভূমিকা রয়েছে। এলাকার নিরাপত্তা জোরদারে আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার তুহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় আরও কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
সূত্র: বাংলানিউজ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available