ময়মনসিংহ প্রতিনিধি: যাত্রী পরিবহনের আড়ালে মহাসড়কে বাড়ছে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ—এমন ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে ময়মনসিংহের সাধারণ যাত্রীদের মধ্যে। কখনো প্রাইভেটকারে যাত্রী তুলে, আবার কখনো বাসে জিম্মি করে টাকা ও মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ উঠছে। সাম্প্রতিক দুটি ঘটনায় মুক্তিপণ আদায় এবং এক ঘটনায় র্যাবের হাতে একজন গ্রেফতারের পর মহাসড়কের যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি ব্যবসায়িক কাজে ঢাকার উত্তরায় যাওয়ার জন্য ভালুকার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেটকারে ওঠেন স্থানীয় যুবদল নেতা ইলিয়াস (৪৫)। অভিযোগ, ভালুকা সীমানা পার হয়ে মাওনার দিকে যাওয়ার সময় গাড়িতে থাকা ৪ থেকে ৫ জন তাকে জিম্মি করে হাত-পা বেঁধে মুখ ও গলায় কসটেপ পেঁচিয়ে মারধর শুরু করে।
একপর্যায়ে অপহরণকারীরা তার পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ইলিয়াসের কাছে থাকা টাকা এবং পরিবারের সদস্য ও স্বজনদের কাছ থেকে ফোনে ৭ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ। রাত সাড়ে ১০টার দিকে তাকে মেহেরাবাড়ী এলাকায় সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী ইলিয়াস ও তার স্বজনদের বক্তব্যে উঠে এসেছে ঘটনার ভয়াবহতার চিত্র।
এর একদিন আগেও একই এলাকায় যাত্রীবাহী বাসে তুলে জিম্মি করে লুট ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব-১৪।
র্যাব জানায়, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নারায়ণগঞ্জ শাখায় কর্মরত জাহাঙ্গীর আলম (৪৪) নামের এক ব্যক্তিকে বাসে তুলে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তার কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও ডেবিট-ক্রেডিট কার্ড ছিনিয়ে নেওয়া হয়। জীবননাশের হুমকি দিয়ে তার স্বজনদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে আরও এক লাখ ১৯ হাজার টাকা আদায়ের সময় মো. জাবেদ ইকবাল ওরফে বাদল (৪০) নামের একজনকে গ্রেফতার করে র্যাব-১৪।
এ সময় অপহরণ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস, দেশীয় অস্ত্র, লুট করা মুঠোফোন এবং তিনটি ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ ইকবাল স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে সাধারণ যাত্রীদের লক্ষ্য করে বাসে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিলেন।
পরপর এমন ঘটনায় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে, বাস কিংবা প্রাইভেটকারে যাতায়াতের সময় অপরিচিত পরিবহনে ওঠা এবং রাতের যাত্রা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকে।
সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত নজরদারি, সন্দেহজনক যানবাহনে তল্লাশি এবং অপহরণ ও মুক্তিপণ চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available