ডেস্ক রিপোর্ট: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় নিজের বদলে প্রক্সি পরীক্ষার্থী দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ানোর অভিযোগে মো. রিপন হোসেন নামে এক প্রার্থীকে আটক করা হয়েছে। চাকরিতে যোগ দিতে এসে পরিচয় যাচাইয়ের সময় তিনি ধরা পড়েন।
১ সেপ্টেম্বর মঙ্গলবার চাকরিতে যোগ দিতে পিএসসি সচিবালয়ে গেলে তাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে পিএসসি।
পিএসসি সূত্র জানায়, চাকরিতে যোগদানের জন্য সচিবালয়ে উপস্থিত হলে কর্মকর্তারা রিপন হোসেনের পরিচয় যাচাই করেন। এ সময় তার প্রবেশপত্রের ছবির সঙ্গে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। পাশাপাশি ফুটেজে থাকা ব্যক্তির সঙ্গে উপস্থিত রিপন হোসেনের চেহারাও মিলিয়ে দেখা হলে পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।
বিষয়টি পিএসসির উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। পরে কর্মকর্তারা রিপন হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন এবং নিয়োগ পরীক্ষায় তার অংশগ্রহণের বিষয়টি যাচাই করেন।
পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিসিটিভি ফুটেজ দেখানোর পর জিজ্ঞাসাবাদে রিপন হোসেন স্বীকার করেন যে, সংশ্লিষ্ট নিয়োগের লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। তার পরিবর্তে অন্য একজন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন।
আটক রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহা গ্রামের বাসিন্দা। তিনি পিএসসি সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগের প্রার্থী ছিলেন। তার রোল নম্বর ২১০১১৮৭।
পরে রিপন হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সরকারি কর্ম কমিশন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available