• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:২৬:০৭ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

হত্যা মামলার আসামিকে আদালত প্রাঙ্গণে পিটিয়ে বিবস্ত্র করল জনতা

২৪ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৫:১৫

হত্যা মামলার আসামিকে আদালত প্রাঙ্গণে পিটিয়ে বিবস্ত্র করল জনতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যা মামলার প্রধান আসামি গ্যাং লিডার শেখ সিফাতসহ অন্য আসামিদের আদালতে নেওয়ার সময় হামলার অভিযোগ উঠেছে। এ সময় আসামিদের ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ স্থানীয়রা।

২৩ আগস্ট রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে বুলবুল হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরীর আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে শুনানি শেষে সাত পুরুষ আসামির ১০ দিন এবং চার নারী আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শুনানির আগে আসামিদের আদালত নেয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন আসামিদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে প্রধান আসামি শেখ সিফাতসহ কয়েকজনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতার মারধরে সিফাত অনেকটা বিবস্ত্র হয়ে পড়ে। পরে পুলিশ দ্রুত আসামিদের প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায়।

তবে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, আসামিদের আদালত থেকে বের করে হাজতে নেওয়ার সময় উত্তেজিত জনতা স্লোগান দিয়েছে। তবে এ সময় হামলা বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে গত ২০ আগস্ট রাতে নারায়ণগঞ্জের বন্দরে মামলা প্রত্যাহার না করায় ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের বড় ভাই জুবায়ের আল আমিন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন।

মামলায় ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর অভিযান চালিয়ে সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গণমাধ্যমের উপস্থিতিতে সিফাতকে হাজির করা হলে তার একটি অঙ্গভঙ্গি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়। ওই সময় সিফাত ভারতীয় সিনেমা ‘পুষ্পা’ চলচ্চিত্রের প্রধান চরিত্র পুষ্পারাজের জনপ্রিয় স্টাইল অনুকরণ করে অঙ্গভঙ্গি করেন বলে প্রত্যক্ষদর্শী ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান।

স্থানীয়দের ভাষ্য, বুলবুল হত্যাকাণ্ডের পর এমন অঙ্গভঙ্গির দৃশ্য অনেকের মধ্যে আরও ক্ষোভ তৈরি করে। ফলে রোববার আদালতে সিফাতকে হাজির করার খবর ছড়িয়ে পড়ার পর বুলবুলের এলাকার বাসিন্দা ও স্থানীয়দের একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা যায়। সেই ক্ষোভ থেকেই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও উত্তেজনা তৈরি হয় বলে স্থানীয়দের দাবি।

মামলায় গ্রেফতার অন্য আসামিরা হলেন মাহাবুব হোসেন ওরফে মাহফুজ (৩২), জুম্মান ওরফে হোয়াইট জুম্মান (২৯), রিয়াদ (৩৩), সিয়াম (২৫), ইরফান (২৯), মিনারা (৩৫), নাসিমা বেগম (৩৬), রুমা বেগম (৩৬), ইয়াসমিন (৩০) ও সিজান ওরফে জিসান (২৪)।
পুলিশ জানিয়েছে, বুলবুল হত্যা মামলার তদন্তের স্বার্থে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ