• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪৩:১০ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

১ জুলাই ২০২৬ সকাল ০৮:০৬:০৭

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ডেস্ক রিপোর্ট: বরিশালে গ্রেপ্তার এক মাদক কারবারির আর্জেন্টিনার জার্সি পরা ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিজিটালভাবে সম্পাদনা করে ব্রাজিলের জার্সি হিসেবে প্রচারের অভিযোগে এক পুলিশ উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ দ্য ডেইলি স্টার-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত এসআই তানজিল আহমেদকে বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে বরিশাল নগরীর মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারের সময় রাসেল আর্জেন্টিনার জার্সি পরিহিত ছিলেন। পরে কাউনিয়া থানা পুলিশ তার জার্সি উল্টো করে পরিয়ে একটি ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। অভিযোগ রয়েছে, মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি সম্পাদনা করেন। সম্পাদিত ছবিতে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি দেখানো হয় এবং সেটি ই-মেইল ও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রকৃত, অপরিবর্তিত ছবিটি বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, এসআই তানজিল আহমেদকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর বিভাগীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এসআই তানজিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার দাবি, ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার সৃষ্টি হতে পারে—এমন চিন্তা থেকেই তিনি ছবিটি পরিবর্তন করেছিলেন। তবে কমিশনার স্পষ্ট করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ডেইলি স্টার অনলাইন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us