• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৩৭:২০ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

বেনজীরকে দেশে ফেরানোর কার্যক্রম চলছে: দুদক মহাপরিচালক

১৫ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৯:০৯

বেনজীরকে দেশে ফেরানোর কার্যক্রম চলছে: দুদক মহাপরিচালক
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মুহাম্মদ নাজমুল হাসান বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। তবে তাকে কবে নাগাদ দেশে ফেরানো সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি তিনি।

১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুদকের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, বেনজীর আহমেদকে দেশে ফেরানোর কার্যক্রম চলমান রয়েছে। এ ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকায় সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে গত ১৬ জুন প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল দুদক। পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরোর (এনসিবি) মাধ্যমে পাঠানো এসব নথির মধ্যে ছিল সংশ্লিষ্ট মামলার কাগজপত্র, গ্রেফতারি পরোয়ানা, আদালতের আদেশ ও তদন্তসংক্রান্ত তথ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক পথে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে এসব নথি পাঠানোর কথা জানানো হয়েছিল।

আরও পড়ুন: ১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান

এর আগে, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হন বেনজীর আহমেদ। ১৪ জুন জাতীয় সংসদে তার গ্রেফতারের তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদান শুরু হয়।

তবে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় নথিপত্র নিয়ে ব্যাখ্যা চাওয়ার বিষয়টি সামনে আসে গত ২১ জুলাই। ওই দিন দুদক জানায়, বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে মামলার নথিসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ। যদিও ঠিক কোন কোন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

এরপর জুলাইয়ের শেষ দিকে বেনজীর আহমেদ দুবাইয়ে জামিন পেয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। ২ আগস্ট দুদক জানায়, তিনি কিসের ভিত্তিতে জামিনে মুক্তি পেয়েছেন, সে বিষয়ে তাদের কাছে বিস্তারিত তথ্য নেই। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিতে দুবাইয়ে একটি আইনি প্রতিষ্ঠান নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। ওই দিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও বলেন, বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ