ডেস্ক রিপোর্ট: রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে অপহৃত সাত বছর বয়সী শিশু নুসরাত জাহানকে পদ্মা সেতু (দক্ষিণ) থানা এলাকার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে যুথি (২২) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।
৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পদ্মা সেতু (দক্ষিণ) থানার আওতাধীন এলাকা থেকে নুসরাতকে উদ্ধার করা হয়। পরে শিশুটিসহ গ্রেফতার যুথিকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নুসরাত পরিবারের সঙ্গে রাজধানীর কাফরুল এলাকায় ভাড়া বাসায় থাকে। তার বাবা মো. রাজিব সিএনজিচালিত অটোরিকশাচালক।
৬ সেপ্টেম্বর শনিবার পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১টার দিকে শিশুটিকে উদ্ধার ও যুথিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দুজনকে কাফরুল থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পদ্মা সেতু (দক্ষিণ) থানা থেকে শিশুটিকে বুঝে পাওয়ার পর শনিবার ভোর ৪টার দিকে পরিবারের কাছে নুসরাতকে হস্তান্তর করা হয়।
নুসরাতের মা আমেনা বেগম বলেন, রাত সাড়ে ৩টার দিকে কাফরুল থানা থেকে তাদের ফোন করে নুসরাতকে উদ্ধারের খবর জানানো হয়। পরে তারা থানায় গিয়ে ভোর ৪টার দিকে মেয়েকে বাসায় নিয়ে আসেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে নিখোঁজ হয় নুসরাত। খবর পেয়ে পুলিশ ওই রাত ১০টার দিকে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে খেলছিল নুসরাত। এ সময় কালো রঙের কামিজ পরা এক তরুণী তার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর রিকশায় করে তাকে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যান।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানান, অপহরণের পর বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর এলাকার একটি বাসায় নুসরাতকে রাখা হয়। পরে তাকে নিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিলেন যুথি। পথে পদ্মা সেতু (দক্ষিণ) থানা এলাকায় পুলিশ তাকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় করা অপহরণ মামলায় যুথিকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান পরিদর্শক রুবেল মল্লিক।
সূত্র: দ্য ডেইলি স্টার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available