ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এক অটোচালকের গলা কেটে নির্মমভাবে হত্যা করে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোটি ছিনতাই করে নিয়ে গেছে একদল দুষ্কৃতকারী।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর মঙ্গলবার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র সাখাওয়াত হোসেন প্রতিদিনের মতো জীবিকার তাগিদে নিজের অটো নিয়ে বের হয়েছিলেন। কিন্তু রাতের কোন এক সময় পাথরঘাটা ব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা সুপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তার গলা কেটে তাকে হত্যা করে পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়।
আজ ১৪ অক্টোবর বুধবার সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িত ঘাতকদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি খুবই মর্মান্তিক, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available