ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে হানিফ পরিবহনের স্টিকার ও একই রঙের নকল বাস ব্যবহার করে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বাসটি থেকে পেট্রোল, বস্তা কেটে বাঁশের সঙ্গে তৈরি মশাল, ব্যানার-ফেস্টুনসহ অগ্নিসংযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
২৭ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীব রয়েছেন। জব্দ করা বাসটির মালিক রুবেল হাওলাদার।
পুলিশের দাবি, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বাসটি ব্যবহার করে বিভিন্ন এলাকায় মশাল মিছিল, ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হানিফ পরিবহনের স্টিকার লাগিয়ে এবং একই রকম রং করে বাসটিকে আসল হানিফ পরিবহনের মতো সাজানো হয়েছিল।
ওসি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে খবর আসে, ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় একটি চলন্ত বাস থামিয়ে রেখে নাশকতাকারীরা অন্য একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা অগ্নিসংযোগ করতে ব্যর্থ হয়। পরে ব্যানার-ফেস্টুন ও মশালসহ নকল হানিফ পরিবহনের বাসটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, বাসটিকে আটক করতে পুলিশের একাধিক দল ধাওয়া করে। বলিয়াপুর এলাকায় সড়কে ব্যারিকেড দেওয়া হয়। পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় নিজেদের গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে বাসটি আটক করে।
এ সময় বাস থেকে পাঁচজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান। পরে ট্যানারি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।
বাসটি তল্লাশি করে পেট্রোল, বস্তা কেটে বাঁশের সঙ্গে তৈরি মশাল, ব্যানার-ফেস্টুনসহ অগ্নিসংযোগে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বাসটিতে আর কারা ছিলেন এবং নাশকতার পরিকল্পনায় কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available