ময়মনসিংহ প্রতিনিধি: নারীদের ছবি ব্যবহার করে অনলাইন ডেটিং সাইটে ভুয়া প্রোফাইল তৈরি, এরপর বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে প্রতারণা—এমন অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মেগা পারসোনাল ডেটিং সাইট’ খুলে নারীদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত চক্রটি। এভাবে তারা প্রতারণা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানার ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষ্মীন্দর গ্রামের মো. মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের মো. মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালুকজান গ্রামের মো. তানভীর আহমেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষ্মীন্দর গ্রামের মো. জিল্লুর রহমান জনি (২৭) ও মো. মজনু (২৬), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাদিহাটি গ্রামের মো. নাঈম মণ্ডল (২৪) এবং ফুলপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. রাকিব (২০)।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহরুল হকের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবির এসআই যুবরাজ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন পর্যালোচনা করা হচ্ছে। এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চক্রটির মাধ্যমে কতজন প্রতারণার শিকার হয়েছেন, কীভাবে তাদের ফাঁদে ফেলা হতো এবং আর্থিকভাবে কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, তা জানতে জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available