মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। ৪ মার্চ বুধবার বিকেলে দফায় দফায় চলা এই হামলায় সাংবাদিকের বসতবাড়িসহ অন্তত ১০টি বাড়ি ও দোকানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বিকেল ৫টার দিকে মস্তফাপুর ইউপি সদস্য হাবিব হাওলাদার ও প্রতিপক্ষ সামচু সরদার ওরফে 'কোপাসামচু'র সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সামচু সরদারের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাবিব হাওলাদারের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তান্ডব চালিয়ে দৈনিক দেশ রূপান্তর-এর মাদারীপুর প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের বসতবাড়ি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও অন্তত ১০টি বসতবাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল লুট করা হয়। আতঙ্ক সৃষ্টি করতে এলাকায় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
হামলার সময় কুপিয়ে ও পিটিয়ে অন্তত ১০ জনকে আহত করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত মকবুল হাওলাদার ও জাকির হাওলাদারকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সদর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available