নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে সয়েল টেস্ট চলাকালে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইমন নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। হামলাকারীরা শ্রমিকদের মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার রাতে শহীদ জিয়া হল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাইকার অর্থায়নে শহীদ জিয়া হলের নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে বুধবার সকালে সেখানে সয়েল টেস্ট শুরু হয়। এ সময় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের হুমকি ও ভয়ভীতি দেখান। তবে শ্রমিকরা কাজ চালিয়ে যান।
পরে রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা খাবার খেতে গেলে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা রাইফেলস ক্লাবের ভেতর দিয়ে জিয়া হল এলাকায় প্রবেশ করে শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় শ্রমিকদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়া হয়।
ইমন নামে এক শ্রমিক হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এতে তার দুই হাত গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমনের এক হাতে ২৫টি এবং অন্য হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের খোঁজখবর নেন। তিনি বলেন, জিয়া হলের নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে সয়েল টেস্ট চলাকালে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তাদের মোবাইল ফোন ও মালামাল নিয়ে যাওয়া এবং একজন শ্রমিককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।
খানপুর ৫০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আহতদের মধ্যে ইমন নামে এক শ্রমিকের দুই হাতে সেলাই দিতে হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আহত শ্রমিকরা থানায় এসেছেন। মামলা করার প্রক্রিয়া চলছে। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available