• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:২৯:৪৬ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

১৪ জুন ২০২৬ রাত ০৮:০১:১৪

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ব্যাটারদের সংগ্রহ করা ২৭৪ রান এবং বোলারদের লড়াকু পারফরম্যান্সও জয়ের আশা জাগিয়েছিল। তবে কুপার কনোলির দুর্দান্ত সেঞ্চুরিতে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর জয় নিয়ে সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে। দলের হয়ে অর্ধশতক হাঁকান লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।

ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ৫৩ রানে ২ এবং ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৪, তানজিদ হাসান তামিম ১৯ এবং সৌম্য সরকার মাত্র ২ রান করে বিদায় নেন।

সেখান থেকে দলের হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দুজনের দৃঢ় জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলীয় ১৫৩ রানে ব্যক্তিগত ৪৮ রান করে লিটন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও হৃদয়ের সঙ্গে গড়ে তোলা জুটি দলের বড় সংগ্রহের ভিত তৈরি করে।

হৃদয় ৮৮ বলে ৮টি চারের সাহায্যে ৮৩ রান করে আউট হন। পরে শেখ মেহেদী হাসান দ্রুত ফিরলেও লিটন আবার মাঠে নেমে নিজের ইনিংস সম্পূর্ণ করেন। ৭৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকা এই উইকেটকিপার-ব্যাটার মিরপুরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৫১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল পাঁচটি চার ও একটি ছক্কার মার।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই চাপের মুখে থাকলেও কুপার কনোলির ব্যাটে ম্যাচে টিকে থাকে। ক্যারিয়ারসেরা ১৪৯ রানের ইনিংস খেলে তিনি দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ ওভারে ১ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

এই জয়ের ফলে সিরিজে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হলেও সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০

Follow Us