নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী সোলেমান লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়।


১ এপ্রিল বুধবার সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে এ ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের শান্তিপূর্ণভাবে দ্রুত মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান। এ সময় মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে প্রদীপ মন্ডল জানান, ১ এপ্রিল মাগরিবের পর থেকেই মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে এলাকা ত্যাগ করার অনুরোধ জানান তিনি।
এর আগে মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া জুয়া ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের খাদেম আহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।
এসব ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় প্রশাসন কঠোর পদক্ষেপ নেয় এবং শেষ পর্যন্ত মেলা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। মেলা বন্ধের পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available