• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৪৬:০২ (13-Aug-2026)
  • - ৩৩° সে:

একসঙ্গে পুড়ল তিন মহল্লার ৩০০ বাড়ির টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস

১৩ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৯:৪৭

একসঙ্গে পুড়ল তিন মহল্লার ৩০০ বাড়ির টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় অতিরিক্ত ভোল্টেজের কারণে তিনটি মহল্লার প্রায় ৩০০ বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে গেছে। ১০ আগস্ট সোমবার দিবাগত রাত ২টার দিকে একটি বিকল ট্রান্সফরমার মেরামতের পর বিদ্যুৎ সংযোগ চালু করতেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাখরাবাজ মোল্লাপাড়া, মধ্যপাড়া ও স্কুলপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা নেসকোর কাটাখালী কার্যালয়ে যোগাযোগ করেন।

পরে নেসকোর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রান্সফরমারের পরিবর্তে একটি পোর্টেবল ট্রান্সফরমার স্থাপন করে রাত ২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করেন। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের সামনে থাকা একটি বৈদ্যুতিক বাল্ব পুড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে নেসকোর কর্মীরা দ্রুত সংযোগ বন্ধ করে দেন। তবে এর আগেই তিনটি মহল্লার বিভিন্ন বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা নেসকোর কর্মীদের আটকে রাখেন। কেউ কেউ তাদের ওপর হামলাও করেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নেসকোর কর্মীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, নেসকোর কর্মীদের ভুলের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভবত অতিরিক্ত ভোল্টেজ দেওয়ায় অনেক বাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নেসকোর কর্মীদের আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ করা হয় তিনটি লাইনের মাধ্যমে। কোনো কারণে দুটি লাইন এক হয়ে গেলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। এ ঘটনায় এমন কিছু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোথায় এ ত্রুটি হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুর্ঘটনা ঘটলেও একসঙ্গে এতগুলো বাড়ির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

এদিকে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর তালিকা তৈরির কাজ চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ