অনলাইন ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় গাছ রোপণকে কেন্দ্র করে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে হাসানুর শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও সন্তানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
৪ নভেম্বর বুধবার সকালে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসানুর শেখ ও তার চাচাতো ভাই হাসদেল শেখের পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করে আসছিল। বুধবার সকালে হাসানুর নিজের বসতবাড়ির সীমানায় সুপারি গাছের চারা রোপণ করছিলেন। এ সময় হাসদেল শেখ ও তার দুই ছেলে মামুন ও আরমানসহ পরিবারের অন্যান্যরা সেখানে এসে বাধা দেন। গাছটি বড় হলে তা তাদের সীমানায় ঢুকে যাবে—এমন অজুহাতে শুরু হয় দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা।
তর্কবিতর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভাতিজা মামুন ঘর থেকে একটি বল্লম এনে চাচা হাসানুর শেখের ওপর উপর্যুপরি আক্রমণ চালিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় বাধা দিতে গেলে হাসানুরের স্ত্রী ও সন্তানরাও প্রতিপক্ষের হামলায় আহত হন।
রক্তাক্ত অবস্থায় স্বজনরা হাসানুর শেখকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, গাছ লাগানোকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এই আকস্মিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available