অনলাইন ডেস্ক: ভারতের অভ্যন্তরে প্রবেশের পর আটক হওয়া দুই পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১৬ অক্টোবর শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন ওই দুই পুলিশ সদস্য। এ সময় ভারতীয় চোরাকারবারিদের হাতে আটক হন তারা। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন: দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন বলেন, মাদকের এক আসামিকে ধরতে গিয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিএসএফ তাদের কাছে দুই পুলিশ সদস্যকে হস্তান্তর করে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available