অনলাইন ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত নেতা-কর্মীর চাপে মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে থাকা কেউ হতাহত হননি।
১৭ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই মঞ্চে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক ভিড় জমে যায়। মঞ্চের ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ উঠে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়োজকদের পক্ষ থেকে মাইকে একাধিকবার ঘোষণা দিয়ে অতিরিক্ত লোকজনকে নেমে যেতে বলা হয়। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে অনেকেই মঞ্চে অবস্থান করেন।
পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে এসে আসন গ্রহণ করার পর আরও অনেকে মঞ্চে উঠে পড়েন। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যেই মঞ্চের কিছু অংশ বসে যায়। এতে অনুষ্ঠানস্থলে হট্টগোল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে মঞ্চ ভেঙে পড়লেও কেউ নিচে পড়ে যাননি এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জানান, পুরো মঞ্চ ভেঙে পড়েনি; মঞ্চের কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। পরে অর্থমন্ত্রী ওই মঞ্চেই কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ঘটনার সময় অর্থমন্ত্রীর পাশে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। তিনি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ মঞ্চে ওঠার কারণেই এ ঘটনা ঘটে। এর আগে তিনি নিজেও মাইকে মঞ্চে বেশি মানুষ না ওঠার জন্য ঘোষণা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ হতাহত হননি—এটাই স্বস্তির বিষয়।
মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে স্বাভাবিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করেন অর্থমন্ত্রী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available