অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কথিতভাবে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্ত এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র ও বিজিবি সদস্যদের দাবি, এর আগেও শনিবার রাতে একই সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তখনও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে টহল ও নজরদারি জোরদার করেছে। গ্রামবাসীদের সচেতন করতে মাইকিংও করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় বারবার উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তারা জানান, সম্ভাব্য পুশইন ঠেকাতে এলাকাবাসী রাতভর পাহারায় অংশ নিচ্ছেন এবং বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।
এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবি জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available