নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।


গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত তিনজনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে। দুইজনকে পলাশবাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আহতরা হলেন, কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। তাদের মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অপর দুজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আটক রেজওয়ান পলাশবাড়ী পৌরশহরেরর মহেশপুর গ্রামের আজাহারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেশনটিতে সকাল থেকে তেল দেওয়া হচ্ছিল। এর মধ্যেই দুপুর পৌঁনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে রেজওয়ানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে কাওসার, জাহিদ ও সিহাবকে আঘাত করলে তারা আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের চিকিৎসা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তেল সরবরাহ চলমান রয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available