ডেস্ক রিপোর্ট: ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা পাঁচদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে বেড়েছে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের উপস্থিতি।
৫ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন বন্দরসংশ্লিষ্ট শ্রমিকরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায়, রাজস্ব আদায়ে ভাটা পড়েছে। সীমান্তের ওপারে ট্রাক আটকে থাকায় পণ্য নষ্টের শঙ্কাও বেড়েছিলো।
আমদানি-রফতানি চালুর বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত অভ্যন্তরে ব্যাবসায়িক জটিলতা থাকায় গেল ৩১ আগস্ট থেকে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছিলেন সে দেশের রফতানিকারকরা। সমস্যার সমাধান হওয়ায় ৫ দিন বন্ধের পর আজ শনিবার থেকে আবারো আমদানি-রফতানি শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ সরকার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাক প্রতি পণ্য পরিবহনের সর্বোচ্চ ওজন সীমা নির্ধারণের প্রতিবাদে, গত ৩০ আগষ্ট থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখেন ভারতের ব্যবসায়ীরা।
পরে, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে স্থানীয় প্রশাসনের সাথে ব্যবসায়ীদের বৈঠকে সমস্যা সমাধানের পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available