নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে চাষাড়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শুভ দাস চাঁদপুরের মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শুভ দাসের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত চার থেকে পাঁচটি মামলা রয়েছে। মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মাদক বিক্রি নিয়েই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available