ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে সেই অর্থ দিয়ে আইফোন কেনার অভিযোগে মো. মারুফ মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তার শিশুপুত্র মুসাকেও উদ্ধার করা হয়েছে।
৩০ আগস্ট রোববার সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে মারুফকে আটক করে দশমিনা থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, মারুফ ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন—এমন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সন্তানকে অন্যের কাছে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে মারুফ তার মা ও শিশুটির দাদি মাহফুজা বেগমকে ছেলে মুসাকে জামাকাপড় পরিয়ে দিতে বলেন। এরপর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাবা-ছেলে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।
পরে মারুফের মামা বাহাদুর মিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছেলে মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় দিয়ে দিয়েছেন। পরিবারের দাবি, ওই টাকা নিয়ে মারুফ ঢাকায় চলে যান এবং একটি নতুন আইফোন কেনেন।
পুলিশ জানায়, মারুফকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরান হোসেনকে থানায় ডেকে আনা হয়। শিশুটিকে ফেরত দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হলে ইমরান জানান, মুসাকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে তার শ্বশুর মাহাবুব গাজীর বাড়িতে রাখা হয়েছে।
পরে ৩১ আগস্ট রোববার রাত ১০টার দিকে মাহাবুব গাজী শিশুটিকে দশমিনা থানায় নিয়ে আসেন। সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসানের উপস্থিতিতে মুসাকে তার দাদা মফিজ মুন্সী ও দাদি মাহফুজা বেগমের জিম্মায় দেওয়া হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, মারুফ ঢাকা থেকে বাড়িতে এসেছেন—এমন খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্তানকে টাকা নিয়ে দেওয়া এবং ওই অর্থ দিয়ে আইফোন কেনার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available