নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ১০ এপ্রিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
৮ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত যাতায়াতকারী যানবাহনগুলো পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এতে আরও বলা হয়, বাসস্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষে আব্দুর রহিম বলেন, সম্প্রতি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অন্যায়। অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে আসে, যাদের আর্থিক অবস্থা সবসময় ভালো থাকে না। এই ধরনের অতিরিক্ত ভাড়া তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্ন ঘটায়।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে বলেন, দ্রুত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে যেন কেউ এভাবে শিক্ষার্থীদের হয়রানি করতে না পারে তা নিশ্চিত করা হোক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available