অনলাইন ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী পরিচয়ে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম শহীদুল ইসলাম।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও নিজেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
গত ১৩ সেপ্টেম্বর রোববার বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ওই যুবককে ক্যাম্পাস থেকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক যুবকের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণাই গ্রামে। তিনি ফেসবুকে ‘বাবু আহমেদ’ নামে একটি ভুয়া আইডি ব্যবহার করতেন। ওই আইডিতে নিজেকে হাবিপ্রবির ইইই বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয়ের সূত্র ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে অনলাইনে যোগাযোগ ও কথোপকথন চালিয়ে আসছিলেন।
সম্প্রতি তার পরিচয় নিয়ে কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে বিষয়টি খতিয়ে দেখা হয়। অনুসন্ধানে জানা যায়, শহীদুল ইসলাম হাবিপ্রবির কোনো অনুষদ বা বিভাগের শিক্ষার্থী নন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে শিক্ষার্থীদের সহায়তায় তাকে ক্যাম্পাস থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম নিজের পরিচয় ও ফেসবুক আইডি ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে অনলাইনে কথা বলতেন এবং তাদের কাছে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম বলেন, অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। একই সঙ্গে তার অভিভাবককে বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, বর্তমানে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার ব্যবহৃত সব সিম জব্দ করা হয়েছে এবং ফেসবুক আইডিগুলো ডিলিট করা হয়েছে।
সহকারী প্রক্টর আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে পুনরায় জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আরটিভি নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available