নিজস্ব প্রতিবেদক: শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ উপ-পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর ফেসবুকে অশালীন পোস্টের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি তদন্তে পৃথক তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অপর সদস্য আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হলের সৌন্দর্য ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। একইসঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তে সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ৬ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. মো. মোসাদ্দেক খান, ড. রফিকুল ইসলাম, রেজাউল করিম সোহাগ ও আমজাদ হোসেন।
এর আগে শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। সাইবার বুলিংয়ের অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা করতে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে সেখানে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষই নিজেদের ওপর হামলার অভিযোগ তোলে। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available