বিনোদন ডেস্ক: অভিনেতা আর মাধবনের সঙ্গে পুনরায় জুটি বাঁধছেন কঙ্গনা রানাওয়াত।
‘তনু ওয়েডস মনু ৩’ সিনেমায় নতুন অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার গুঞ্জন উড়িয়ে দিয়ে পরিচালক আনন্দ এল রাই স্পষ্ট জানিয়েছেন, এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি নির্মিত হলে তাতে থাকবেন আর মাধবান ও কঙ্গনা রানাউত। তাদের ছাড়া ‘তনু ওয়েডস মনু’ সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন পরিচালক।
সম্প্রতি মুম্বাইয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আনন্দ এল রাই বলেন, ‘মাধবানকে ছাড়া তনু ওয়েডস মনু সম্ভব নয়। তাই তিন, চার কিংবা পাঁচ—যখনই তনু ওয়েডস মনুর কোনো সিনেমা আসবে, তাতে মাধবান ও কঙ্গনা থাকবেন।’
চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, নতুন অভিনয়শিল্পীদের নিয়ে স্বতন্ত্র গল্পে তৈরি হতে পারে ‘তনু ওয়েডস মনু ৩’। তবে পরিচালকের বক্তব্যে সেই গুঞ্জন আর থাকছে না। যদিও তৃতীয় কিস্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০১১ সালে মুক্তি পায় ‘তনু ওয়েডস মনু’। এর চার বছর পর, ২০১৫ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘তনু ওয়েডস মনু রিটার্নস’।
২টি সিনেমাই পরিচালনা করেছেন আনন্দ এল রাই। প্রথম ছবিতে প্রবাসী মনুর চরিত্রে অভিনয় করেন আর মাধবান। ভারতে বিয়ের জন্য ফিরে এসে তনুর প্রেমে পড়েন তিনি। তনুর চরিত্রে অভিনয় করেন কঙ্গনা রানাউত। সিনেমাটিতে আরো ছিলেন জিমি শেরগিল, স্বরা ভাস্কর, দীপক ডোব্রিয়াল ও এজাজ খান।
প্রথম সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ১৭ কোটি রুপি। বিশ্বজুড়ে আয় করে প্রায় ৫৬ কোটি রুপি। অন্যদিকে, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। সিনেমাটি বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে বড় সাফল্য পায়।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available