• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫১:০১ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

শিক্ষা সফরে যাওয়ার পথে পুকুরে বাস, নিহত ২ শিক্ষক

৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৮:০৮

শিক্ষা সফরে যাওয়ার পথে পুকুরে বাস, নিহত ২ শিক্ষক
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

৭ নভেম্বর শনিবার ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। এতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাঁরা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন। একই সফরে অংশ নেওয়া অন্য একটি বাসের যাত্রীরা এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৯ দোকান-স্থাপনা

নিহত দুজন হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস

এদিকে, স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনার ঘটনা বেড়েছে। তাঁদের মতে, মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৬:৪৭