নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ জুন শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং মেয়ে মোসা. সুরাইয়া (১২)। তারা বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।
জানা গেছে, বিকেল ৪টার দিকে মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) ও মোসা. সুরাইয়া (১২) ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে এলাকায় সবজি বিক্রি করতেন। রাশেদুজ্জামান ছিলেন আকরামের মেয়ের স্বামী। তিনি কর্মসংস্থানের উদ্দেশ্যে সম্প্রতি সিদ্ধিরগঞ্জে এসেছিলেন। গালিব ও সুরাইয়া যথাক্রমে রাশেদুজ্জামানের শ্যালক ও শ্যালিকা।
আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘ডিএনডি লেকে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করি। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।’
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available